বিজ্ঞাপন মার্কেটপ্লেস অ্যাডএক্স বিক্রি করবে গুগল

১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০৭  

অসম প্রতিযোগিতা অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট তদন্ত সমাপ্ত করার জন্য নিজেদের বিজ্ঞাপন মার্কেটপ্লেস অ্যাডএক্স বিক্রির প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। যদিও ইউরোপীয় প্রকাশকেরা এই প্রস্তাবকে অপর্যাপ্ত বলে অভিহিত করেছেন। খবর রয়টার্স।

গত বছর ইউরোপীয় প্রকাশক পরিষদের একটি অভিযোগের পর গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসায় নজর দেয় ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা। এরপর গুগলের বিরুদ্ধে তাদের নিজস্ব বিজ্ঞাপন সেবাগুলোকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় কমিশন। এর মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে চতুর্থ মামলা কার্যক্রম শুরু করেছে ইইউ।

তিনজন আইনজীবীর মতে, প্রতিযোগিতা মামলা চলাকালীন গুগল কখনো কোনো সম্পদ বিক্রির প্রস্তাব দেয়নি।

যুক্তরাষ্ট্রে চলমান একটি মামলায় অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গুগলকে তাদের অ্যাড ম্যানেজার পণ্যটি বিক্রি করতে বাধ্য করতে চায়। অ্যাড ম্যানেজারে অ্যাডএক্স ও গুগলের বিজ্ঞাপন প্রকাশক সার্ভার ডিএফপি অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও প্রকাশকেরা গুগলের প্রস্তাব অস্বীকার করেছেন। তারা বলছেন শুধু অ্যাডএক্স বিক্রি করলেই তাঁদের সমস্যা সমাধান হবে না। তাঁরা গুগলকে আরও বেশি সম্পদ বিক্রি করতে বলছেন।

কমিশন বলছে, গুগল ইউরোপের এই সিদ্ধান্ত মেনে না চললে আগামী মাসগুলোতে সম্পদ বিক্রির নির্দেশনা আসতে পারে।

ডিবিটেক/বিএমটি